ছবিঃ জয়পুর কণ্ঠ
জয়পুরহাট প্রতিনিধি: ১৬ জুন ২০২৬
আখের উৎপাদন ও গুণগতমান বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর আখ চাষে উদ্বুদ্ধ করতে জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের উদ্যোগে খামার দিবস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৫ জুন) জয়পুরহাট সুগার মিলসের কৃষি বিভাগের আয়োজনে রাঘবপুর হাজীপাড়া এলাকার সালাম মাস্টারের খোলায় “গুণগতমানের আখ উৎপাদন ও একরপ্রতি ফলন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক ও উন্নত কলাকৌশল প্রয়োগে আখ চাষ বিষয়ক খামার দিবস-২০২৬” অনুষ্ঠিত হয়। এতে শতাধিক আখচাষি, কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) মহাব্যবস্থাপক (মিলস ফার্ম) কৃষিবিদ মোহাম্মদ শহীদ উল্লাহ। সভাপতিত্ব করেন কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক কৃষিবিদ মো. আব্দুর রউফ।
বক্তারা বলেন, আখ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং প্রযুক্তির সীমিত ব্যবহারের কারণে আখ উৎপাদনে নানা চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় উন্নত জাতের আখ চাষ, সুষম সার প্রয়োগ, আধুনিক সেচ ব্যবস্থা এবং বৈজ্ঞানিক পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, প্রযুক্তিনির্ভর আখ চাষের মাধ্যমে উৎপাদন ও লাভ দুটোই বাড়ানো সম্ভব। কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে জয়পুরহাট সুগার মিলস সবসময় পাশে থাকবে।
খামার দিবসের অন্যতম আকর্ষণ ছিল মাঠ পর্যায়ে ব্যবহারিক প্রদর্শনী। কৃষি বিভাগের কর্মকর্তারা উন্নত জাত নির্বাচন, সার ব্যবস্থাপনা, রোগবালাই ও পোকামাকড় দমন এবং আধুনিক পরিচর্যা পদ্ধতি সম্পর্কে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন। এ সময় কৃষকরা সরাসরি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করে বিভিন্ন সমস্যার সমাধান ও পরামর্শ গ্রহণ করেন।
অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের মাঠভিত্তিক প্রশিক্ষণ ও পরামর্শ তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করছে। তারা আশা করেন, নতুন কলাকৌশল অনুসরণ করলে আখের উৎপাদন বাড়বে এবং কৃষকরা আরও বেশি লাভবান হবেন।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, আখচাষিদের দক্ষতা বৃদ্ধি ও দেশের চিনি শিল্পকে আরও সমৃদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের কৃষকবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত