ছবির ক্যাপশনঃ
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : ২৪ নভেম্বর, ২০২৬
ফসলের উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে নওগাঁয় ২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
নওগাঁ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই-আলম মিঠু এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল।
আয়োজকরা জানান, এ কর্মসূচির আওতায় সদর উপজেলার ৫ হাজার কৃষকের প্রত্যেককে উন্নত জাতের ১ কেজি সরিষা বীজ এবং ২০ কেজি রাসায়নিক সার (১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি) বিনামূল্যে প্রদান করা হয়েছে।
বক্তারা বলেন, দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণ ও আমদানি নির্ভরতা কমিয়ে আনতে সরকার কৃষকদের নানাভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছে। এই সহায়তা কৃষকদের সরিষা চাষে আরও বেশি উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত