ছবিঃ জয়পুর কণ্ঠ
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১০ জুলাই ২০২৬
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়াচাপড় গ্রামে এক পঙ্গু ও অসহায় বাবাকে জীবন্ত মাটিচাপা দিয়ে হত্যার উদ্দেশ্যে ঘরের ভেতর গোপনে গর্ত খোঁড়ার অভিযোগ উঠেছে তাঁরই ছেলের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে গ্রামবাসী অভিযুক্ত ছেলেকে আটক করলেও পরে পরিবারের সদস্যরা তাকে নিয়ে চলে যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বানিয়াচাপড় গ্রামের কৃষক আব্দুস সালাম (৪৮) প্রায় পাঁচ বছর আগে গাছ থেকে পড়ে মেরুদণ্ডে গুরুতর আঘাত পান। এরপর থেকে কোমরের নিচের অংশ অবশ হয়ে তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। পরিবারের সদস্যদের সহায়তায় তাঁর দিন কাটছিল।
অভিযোগ রয়েছে, বড় ছেলে মোস্তাকিম সম্প্রতি মাদকাসক্ত হয়ে পড়েন এবং বাবার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। প্রায়ই টাকার জন্য চাপ সৃষ্টি, গালাগালি, মারধর ও হত্যার হুমকি দিতেন বলে অভিযোগ করেন আব্দুস সালাম।
বুধবার দুপুরে আব্দুস সালাম তাঁর চাচাতো ভাই রাজু আহমেদকে ডেকে ঘরের ভেতর দেখতে বলেন। পরে ঘরে ঢুকে তারা প্রায় পাঁচ ফুট প্রশস্ত ও সাত ফুট গভীর একটি গর্ত এবং ঘরের বিভিন্ন স্থানে কাদা-মাটির স্তুপ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর দাবি, ওই গর্ত শয্যাশায়ী আব্দুস সালামকে জীবন্ত মাটিচাপা দেওয়ার উদ্দেশ্যেই খোঁড়া হয়েছিল।
স্থানীয় বাসিন্দা রাজু আহমেদ বলেন, “ঘরের ভেতরে এত বড় গর্ত খোঁড়ার অন্য কোনো যৌক্তিক কারণ আমরা দেখতে পাইনি। ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক।”
তবে অভিযুক্তের বড় বোন সুরাইয়া বেগম বলেন, তাঁর ভাই মাদকাসক্ত হলেও বাবাকে হত্যার উদ্দেশ্যে গর্ত খোঁড়া হয়েছে—এটি নিশ্চিতভাবে বলা যায় না। তিনি জানান, বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হবে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
অন্যদিকে আব্দুস সালাম অভিযোগ করে বলেন, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তাঁর দাবি, তাঁকে জীবন্ত কবর দেওয়ার উদ্দেশ্যেই গোপনে গর্ত খোঁড়া হয়েছে। তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুহাম্মদ আব্দুল করিম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর তদন্তে যে তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তার ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত