ছবিঃ জয়পুর কণ্ঠ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সোমবার, ৬ এপ্রিল ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন নদ-নদী থেকে অবৈধভাবে বালু ও পলিমাটি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও নিয়মিত মামলা বা দৃশ্যমান আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে পরিবেশ ও অবকাঠামো ক্ষতির মুখে পড়ছে।
অভিযোগ অনুযায়ী, উপজেলার করতোয়া, কাটাখালী ও নলেয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ড্রেজার মেশিন ও ভেকু দিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে। পরে সেগুলো ট্রাক ও অন্যান্য যানবাহনে করে বিভিন্ন স্থানে পরিবহন করা হয়।
স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত এ কার্যক্রম বেশি চলে। এতে গ্রামীণ কাঁচা ও পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে। একই সঙ্গে আবাদি জমি নষ্ট, ভূমির শ্রেণি পরিবর্তন এবং বসতবাড়ি ও স্থাপনা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এছাড়া কিছু এলাকায় বিদ্যুতের খুঁটি ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধও ঝুঁকির মধ্যে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে অভিযুক্তদের বিষয়ে সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম বা সম্পৃক্ততার অভিযোগও তদন্তসাপেক্ষ বিষয় বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযোগগুলো গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ সুরক্ষা ও অবৈধ বালু উত্তোলন রোধে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল। এ ঘটনায় প্রতিবাদে মানববন্ধনেরও প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত