ছবিঃ জয়পুর কণ্ঠ
আক্কেলপুর উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে চিকিৎসার কথা বলে এক দম্পতির বাড়িতে প্রবেশ করে বাক্প্রতিবন্ধী স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফেরদৌস মণ্ডল (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বৃহস্পতিবার (১৩ আগস্ট) আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত ফেরদৌস মণ্ডল উপজেলার সোনামুখী ইউনিয়নের একটি গ্রামের মৃত কিনা মণ্ডলের ছেলে। ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) রাতে চিকিৎসার কথা বলে ফেরদৌস তাদের বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি ভুক্তভোগীর বাক্প্রতিবন্ধী স্বামীকে পানির সঙ্গে কিছু মিশিয়ে খেতে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, পরে ফেরদৌস ওই দম্পতিকে তার সামনে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেন। এতে তারা রাজি না হলে অভিযুক্ত ভুক্তভোগীর স্বামীর গলা চেপে ধরে হত্যার হুমকি দেন এবং ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, ঘটনার পরদিন বুধবার (১২ আগস্ট) ফেরদৌস আবারও তাদের বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য ১ হাজার ৫০০ টাকা দাবি করেন।
স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে মীমাংসা না হওয়ায় ভুক্তভোগী নারী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তকে আইনের আওতায় আনা এবং ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ফেরদৌস মণ্ডলের বক্তব্য জানতে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। বাড়ির প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায়।
আক্কেলপুর থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।”
তবে অভিযোগের সত্যতা তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত