ছবিঃ প্রকৃতি
মোসলেম উদ্দিন, দিনাজপুর প্রতিনিধিঃ ১২ মে ২০২৬
জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের ভয়াবহ পরিণতিতে দিনাজপুরের চিরিরবন্দরে ছেলের হাতেই খুন হয়েছেন বাবা ও সৎভাই। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মঙ্গলবার (১২ মে) সকালে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মণ্ডলপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন মণ্ডলপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম দুলু (৭০) ও তার ছেলে কাবিল (৩২)।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই শহিদুল ইসলামের দুই ছেলে সাকিব (১৮) ও সাদিকুল (৩০) পলাতক রয়েছে। নিহত কাবিল বড় স্ত্রীর ছেলে এবং অভিযুক্ত সাকিব ও সাদিকুল ছোট স্ত্রীর সন্তান।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী জানান, দীর্ঘদিন ধরে দুই স্ত্রীর সন্তানদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ধান কর্তনের পর শহিদুল ইসলাম উভয় পরিবারকে সমানভাবে জমি ভাগ করে দেন। তবে ভুট্টা ক্ষেতের ফসল নিয়ে নতুন করে বিরোধ দেখা দেয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে ভুট্টা ক্ষেতে ভাগ-বাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাকিব ও সাদিকুল লোহার রড দিয়ে বাবা শহিদুল ইসলাম ও ভাই কাবিলের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলামের মৃত্যু হয়।
গুরুতর আহত কাবিলকে স্থানীয়রা দ্রুত সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই ভাই পলাতক রয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করেছে এবং তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
এলাকাবাসীর ভাষ্য, জমিজমা নিয়ে বিরোধের জেরে একটি পরিবারে এমন রক্তাক্ত পরিণতি পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত