ছবিঃ জয়পুর কণ্ঠ
মোঃ হাদিসুর রহমান, স্টাফ রিপোর্টারঃ সোমবার ০৬ এপ্রিল, ২০২৬
জয়পুরহাট জেলার অন্যতম প্রধান বিদ্যাপীঠ জয়পুরহাট সরকারি কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও অবস্থান নিয়ে কড়াকড়ি আরোপ করেছে কলেজ কর্তৃপক্ষ। এখন থেকে মাগরিবের নামাজের পর কলেজ ক্যাম্পাসে কোনো বহিরাগত ব্যক্তি প্রবেশ করতে পারবেন না এবং কেউ অবস্থান করতে পারবেন না।
সোমবার (৬ এপ্রিল) কলেজের প্রধান ফটকে এ সংক্রান্ত একটি 'জরুরি নোটিশ' ঝুলিয়ে দেওয়া হয়েছে। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, মাগরিবের নামাজ শেষে কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় এবং নিরাপত্তার স্বার্থে কলেজ প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কলেজের নিয়মিত শিক্ষার্থীদের পরিচয়পত্র সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং সন্ধ্যার পর ক্যাম্পাসের অভ্যন্তরে অপ্রয়োজনীয় জটলা না করার জন্য বলা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে সাধারণ শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রিত হলে ক্যাম্পাসে মাদক বা ইভটিজিংয়ের মতো অসামাজিক কার্যকলাপ বন্ধ হবে এবং পড়াশোনার উপযুক্ত পরিবেশ বজায় থাকবে।
কলেজ কর্তৃপক্ষের এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত