ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক জনাব মোঃ আল-মামুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আশিক-উর-রহমান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মোঃ আব্দুল করিম।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জয়পুরহাট-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হলে জনগণের সচেতনতা এবং প্রশিক্ষণের বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণ সমাজকে সম্পৃক্ত করা সময়ের দাবি। তরুণদের প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তারা দুর্যোগ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা এবং স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবী দল গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্যোগকালীন সময়ে দ্রুত উদ্ধার তৎপরতা পরিচালনা ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা একটি নিরাপদ, সচেতন ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত