ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২০ মে ২০২৬
জাতীয় পর্যায়ে আবারও গৌরব অর্জন করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নাম উজ্জ্বল করেছে ৫২নং পাঁচবিবি মুক্ত রোভার স্কাউট গ্রুপ। ‘জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৬’-এ বাংলা ভাষায় উপস্থাপনা বিষয়ে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে গ্রুপের গার্ল ইন রোভার মোছাঃ আতহার ইবতিদা।
বাংলাদেশ স্কাউটস-এর আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও মুক্ত রোভার স্কাউট গ্রুপ থেকে আগত শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। কয়েক ধাপের বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে অংশ নিয়ে বাংলা ভাষায় উপস্থাপনা বিভাগে অসাধারণ পারদর্শিতা, বাচনভঙ্গি ও উপস্থাপন কৌশলের জন্য বিচারকদের নজর কাড়েন পাঁচবিবির এই কৃতী রোভার সদস্য।
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করায় তাকে ৫,০০০ টাকার প্রাইজমানি ও সনদপত্র প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
৫২নং পাঁচবিবি মুক্ত রোভার স্কাউট গ্রুপের এই সাফল্যে উপজেলাজুড়ে আনন্দের বন্যা বইছে। স্কাউট লিডাররা জানান, আতহার ইবতিদার এই অর্জন শুধু পাঁচবিবির নয়, পুরো জয়পুরহাট জেলার জন্য গর্বের বিষয়। এটি প্রমাণ করে যে গ্রাম পর্যায়ের তরুণ-তরুণীরাও সঠিক দিকনির্দেশনা ও চর্চার মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারে।
গ্রুপের দায়িত্বশীলরা জানান, ৫২নং পাঁচবিবি মুক্ত রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিতভাবে স্কাউটিং, সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে। এর আগেও গ্রুপটি জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার পুরস্কার অর্জন করেছে।
স্থানীয়রা মনে করেন, তরুণ প্রজন্মকে মাদক, কুসংস্কার ও অলসতা থেকে দূরে রেখে সুস্থধার সংস্কৃতি ও নেতৃত্ব বিকাশে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম। আতহার ইবতিদার এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত