ছবিঃ জয়পুর কণ্ঠ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ১ আগস্ট ২০২৬
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ৩০ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে ধামইরহাট থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাহানপুর ইউনিয়নের সাহাপুর বাজারে বিএনপি অফিসসংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়।
অভিযানে ৬৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি হিরো হোন্ডা মোটরসাইকেল এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় মোছা. লাইলী বেগম (৩৫) ও তার ভাই মো. হাসান আলী (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তারা অমরপুর (হঠাৎপাড়া) গ্রামের বাসিন্দা এবং তাদের পিতা হাফিজুর রহমান।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এছাড়া লাইলী বেগমের বিরুদ্ধে ১০টি এবং হাসান আলীর বিরুদ্ধে ৬টি মাদক মামলা বিভিন্ন থানায় বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, মাদক কারবারের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত