ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টার, ১৪ এপ্রিল ২০২৬
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নওগাঁ জেলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পহেলা বৈশাখ। জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে বরণ করে নেওয়া হয় বাঙালির প্রাণের এ উৎসব।
সকালে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
বর্ণিল পোশাক, মুখোশ, প্ল্যাকার্ড ও লোকজ শিল্পকর্মে সজ্জিত শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ফুটে ওঠে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি, গ্রামীণ জীবনধারা এবং লোকজ ঐতিহ্যের বিচিত্র রূপ।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটান। অনুষ্ঠানটি উপভোগ করতে উপস্থিত দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সম্প্রীতির প্রতীক। এ উৎসব আমাদের শিকড়ের সাথে নতুন করে সংযোগ স্থাপন করে এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।
উৎসবমুখর এ আয়োজনের মধ্য দিয়ে নওগাঁবাসী নতুন বছরকে বরণ করে নেয় আনন্দ, আশা ও সম্প্রীতির বার্তা নিয়ে। বাঙালির চিরন্তন ঐতিহ্য ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে এ আয়োজন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত