ছবিঃ জয়পুর কণ্ঠ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ৫ সেপ্টেম্বর ২০২৬
আগামী পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ও আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি। শনিবার বিকেলে পাঁচবিবি পৌর পার্কের পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ প্রার্থিতা ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে পাঁচবিবি উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁর আইন পেশার সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি বলেন, “পৌরবাসীর দোয়া, আশীর্বাদ, সমর্থন ও সহযোগিতায় মেয়র নির্বাচিত হতে পারলে প্রথমেই পৌরসভার রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, বিশুদ্ধ পানি সরবরাহ এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্ব দেব।”
তিনি বলেন, পাঁচবিবি পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান। একই সঙ্গে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অ্যাডভোকেট নাজমুল আরও বলেন, তিনি আইন পেশার পাশাপাশি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের দুঃসময়ে কাজ করেছেন। আগামীতে দল তাঁকে মূল্যায়ন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সাবলীলভাবে উত্তর দেন অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি। এ সময় তিনি তাঁর মেয়র প্রার্থিতার পক্ষে পাঁচবিবি পৌরসভার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং নির্বাচনী কার্যক্রমে পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনির মেয়র প্রার্থিতাকে কেন্দ্র করে নিজেদের মতামত তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত