ছবির ক্যাপশনঃ
নিজস্ব প্রতিবেদকঃ ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে পর্যটন খাতকে আরও আধুনিক, সহজলভ্য ও আকর্ষণীয় করার প্রত্যয় নিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে বিশ্বজুড়ে পর্যটন খাতেও পরিবর্তন আসছে। ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার পর্যটনকে আরও আধুনিক ও মানুষের কাছে সহজে পৌঁছে দিতে পারে।
তিনি বলেন, জয়পুরহাটের ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও প্রাকৃতিক পর্যটন সম্ভাবনাগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরে দেশ-বিদেশের মানুষের কাছে পরিচিত করে তুলতে হবে। এজন্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পর্যটন এখন শুধু বিনোদনের বিষয় নয়; এটি স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান ও সংস্কৃতির বিকাশেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই জয়পুরহাটের সম্ভাবনাময় পর্যটন স্পটগুলোকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরার পাশাপাশি পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জেলার পর্যটন সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ পর্যটন ব্যবস্থার প্রতি গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত