ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ১৪ জুলাই ২০২৬
বগুড়া মহানগরের নবাববাড়ী সড়কের চেলোপাড়া এলাকায় অবস্থিত ‘মুন কাচ্চি ও মুন ফুচকা’ কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সাকিব হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।
অভিযানকালে দেখা যায়, কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি করা হচ্ছিল। ফুচকার ময়দা প্রস্তুতের টেবিলে কুকুরের পায়ের ছাপ, কাদা ও ময়লার উপস্থিতি থাকলেও তা পরিষ্কার না করেই খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া খাদ্যে ব্যবহার নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ব্যবহার এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানার প্রমাণও পাওয়া যায়।
অভিযুক্ত ব্যক্তি আদালতে অপরাধ স্বীকার করলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা অনুযায়ী তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং কারাগারে পাঠানো হয়। অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।
ভ্রাম্যমাণ আদালত জানায়, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সকল খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সরকারি আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত