ছবিঃ জয়পুর কণ্ঠ
বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মারধর ও এক লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় অপহৃত চালক মো. রফিকুল ইসলামকে উদ্ধার করা হয়েছে। অভিযানে নগদ দুই হাজার টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, বুধবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ভুক্তভোগী রফিকুল ইসলামের স্ত্রী মোছা. হাজেরা বেগম স্বামীকে উদ্ধারের জন্য বগুড়া ডিবি কার্যালয়ে এসে মৌখিকভাবে অভিযোগ করেন। তিনি জানান, অজ্ঞাত ব্যক্তিরা তার স্বামীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আটক করে একটি বাসায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং দেশীয় অস্ত্রের ভয় দেখানোসহ বিবস্ত্র করে রাখা হয়। এ সময় তার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, পরে অপহরণকারীরা রফিকুলকে আটক রেখে তার স্ত্রীর মোবাইল ফোনে কল করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় এবং ২০ মিনিটের মধ্যে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে আদালতে চালান দেওয়ার হুমকিও দেওয়া হয়। হাজেরা বেগম মুক্তিপণের টাকা দিতে অস্বীকৃতি জানালে অপহরণকারীরা তার স্বামীকে মারধর করে এবং মোবাইল ফোনে তার চিৎকার ও কান্নার শব্দ শোনায়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় মামলা রুজুর আগেই বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহারের তত্ত্বাবধানে এসআই মো. রহমত উল্লাহ মানিকের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান শুরু করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের পুরান বগুড়ার শেরেবাংলা নগর এলাকায় পলাতক আসামি মেহেদী হাসান শিহাবের দোতলা বাসায় অভিযান চালানো হয়। অভিযানে অপহরণে জড়িত থাকার অভিযোগে সজীব আহম্মেদ (৩২), লজিম প্রাং (৪০) ও সোহান শেখ (১৮)কে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় ওই বাসা থেকে ৫ থেকে ৬ জনের কাছ থেকে ভুক্তভোগী মো. রফিকুল ইসলামকে উদ্ধার করা হয়। পরে তাকে বগুড়া শহীদ মোহাম্মদ আলী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে মুক্তিপণের দুই হাজার টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে অপহরণ, মারধর, ভয়ভীতি প্রদর্শন ও মুক্তিপণ দাবির অভিযোগের তথ্য পাওয়া গেছে।
গ্রেপ্তার লজিম প্রাংয়ের বিরুদ্ধে চুরিসহ দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত