ছবিঃ জয়পুর কণ্ঠ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি: ৯ জুন ২০২৬
বগুড়ার শেরপুর উপজেলায় বজ্রপাতে সাব্বির হোসেন নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর স্কুলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন ওই গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টিপাতের আগে বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ ধরার জন্য জাল পেতে বাড়ি ফিরছিলেন সাব্বির। পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেলে কোনো সাড়া পাওয়া যায়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। সাব্বিরের অকাল মৃত্যুতে স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরা জানান, তিনি ভদ্র ও মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। তার এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
এদিকে বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান না করার জন্য সচেতন মহল সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত