ছবি: জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ ১ মার্চ ২০২৬
দক্ষিণ এশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী তীর্থস্থান জয়পুরহাটের বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত করা এবং সব স্তরের সনাতনী জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করে সর্বজনীন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) দুপুর ১টায় জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে জেলার সাধারণ সনাতনী সম্প্রদায়-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বারো শিবালয় মন্দির সনাতন ধর্মাবলম্বীদের একটি প্রাচীন ও গৌরবময় মহাতীর্থস্থান। এখানে প্রতিটি সনাতনীর অবাধ প্রবেশাধিকার ও সমান অধিকার নিশ্চিত হওয়া উচিত। কিন্তু বর্তমানে মন্দির পরিচালনায় অনিয়ম, অব্যবস্থাপনা ও পক্ষপাতিত্ব বিদ্যমান রয়েছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, মন্দিরে তথ্য কারচুপি, বিশেষ ব্যক্তিকে অযাচিত প্রাধান্য প্রদান এবং উন্নয়নমূলক কাজে স্বচ্ছতার অভাবের কারণে সাধারণ ভক্তরা ক্রমেই মন্দির থেকে দূরে সরে যাচ্ছেন। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রাণী বলির ক্ষেত্রেও সঠিক নিয়ম মানা হচ্ছে না বলে মানববন্ধনে দাবি করা হয়।
সমস্যা সমাধানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা বলেন, বিদ্যমান বৈষম্য দূর করতে বর্তমান কমিটি পুনর্গঠন করে একটি সর্বজনীন ও প্রতিনিধিত্বশীল কমিটি গঠন করতে হবে, যেখানে সব শ্রেণি-পেশার সনাতনীদের মতামত গুরুত্ব পাবে।
উন্নয়নের রূপরেখা তুলে ধরে বক্তারা বলেন, দেশের বিভিন্ন জেলায় আধুনিক ও দৃষ্টিনন্দন মন্দির নির্মাণ ও সংস্কারের উদাহরণ রয়েছে। সম্মিলিত উদ্যোগ ও পরিকল্পিত উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে বারো শিবালয় মন্দিরকেও একটি আদর্শ ধর্মীয় ও পর্যটন কেন্দ্রে পরিণত করা সম্ভব। এজন্য অবিলম্বে বৈষম্যহীন কমিটি গঠন জরুরি।
মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা মুন্ডা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের অর্থ বিষয়ক সম্পাদক বীরেন চন্দ্র পাহান। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সনাতন পরিবারের সভাপতি জীবন কুমার, রায়পাড়া দুর্গা মন্দিরের কোষাধ্যক্ষ সজীব রায়, জেলা মুন্ডা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সহ-প্রচার সম্পাদক সূর্য কুমার পাহান, সদস্য নিলয় চক্রবর্তী, সাথী পাহান, মিনিমাম পাহানসহ অন্যান্য সনাতনী নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত