ছবিঃ জয়পুর কণ্ঠ
মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া): ৮ এপ্রিল ২০২৬
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ব্যস্ততম কিচক বাজারে নির্ধারিত স্থান উপেক্ষা করে সড়কের ওপর আলুর হাট বসানোর কারণে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। আলুর মৌসুম এলেই এই সমস্যা প্রকট আকার ধারণ করে, ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, কিচক বাজারে আলু বেচাকেনার জন্য নির্ধারিত জায়গা থাকলেও ব্যবসায়ী ও আড়তদাররা সড়কের একাংশ দখল করে আলুর স্তূপ করে রাখেন। এতে ঢাকা-রংপুর বিকল্প আঞ্চলিক মহাসড়কটি কার্যত অচল হয়ে পড়ে।
প্রতি সপ্তাহে রোববার, বুধবার ও শুক্রবার হাট বসার আগের দিন বিকেল থেকেই যানজট শুরু হয়ে পরদিন সকাল পর্যন্ত স্থায়ী হয়। অনেক সময় ৩ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত যানজট লেগে থাকে।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন রোগীবাহী অ্যাম্বুলেন্স। জরুরি রোগী নিয়ে যাওয়া গাড়িগুলোও দীর্ঘ সময় আটকে থাকায় রোগীর জীবন ঝুঁকির মুখে পড়ছে। একাধিক অ্যাম্বুলেন্স চালক জানান, রোগী নিয়ে হাসপাতালের পথে থাকলেও কিচক বাজারে এসে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়।
দূরপাল্লার যাত্রী, অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরাও চরম দুর্ভোগে পড়ছেন। জয়পুরহাটের কালাই উপজেলার এক কলেজ শিক্ষার্থী বলেন, “ঈদের ছুটি শেষে বগুড়ায় ফিরছিলাম, কিন্তু দুই ঘণ্টা ধরে যানজটে আটকে আছি।”
পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, রাস্তার ওপর আলু ওঠানো-নামানো এবং অবৈধভাবে সড়ক দখল করাই যানজটের মূল কারণ। একইসঙ্গে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
কৃষকেরাও ক্ষতির মুখে পড়ছেন। তারা জানান, যানজটের চাপে তাড়াহুড়ো করে আলু বিক্রি করতে বাধ্য হন, ফলে অনেক সময় ন্যায্য দাম পান না।
স্থানীয় সচেতন মহলের দাবি, সড়কের ওপর হাট বসানো কঠোরভাবে বন্ধ করে নির্ধারিত স্থানে বাজার সরিয়ে নিতে হবে। এতে একদিকে যেমন যানজট কমবে, অন্যদিকে কৃষকরাও স্বাচ্ছন্দ্যে পণ্য বিক্রি করতে পারবেন।
এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, “সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত