ছবিঃ সীমান্তের আওয়াজ
স্টাফ রিপোর্টারঃ ৯ জুন ২০২৬
সীমান্তবর্তী এলাকায় পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নওগাঁর সাপাহারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৩টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম। তিনি সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিজিবির কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিষ কুমার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, প্রবীন রাজনীতিবিদ অধ্যক্ষ আব্দুন নুরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সীমান্ত অঞ্চলের শান্তি, নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সীমান্ত এলাকায় যে কোনো ধরনের গুজব, উসকানি ও আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা সীমান্ত এলাকায় শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত