প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৬, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১২, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
হিলি বাজারে ভোক্তা অধিকারের অভিযান অস্বাস্থ্যকর বেকারি ও প্রতারণায় ৫ প্রতিষ্ঠানে ৪৪ হাজার টাকা জরিমানা
ছবিঃ জয়পুর কণ্ঠ
হিলি বাজারে ভোক্তা অধিকারের অভিযান
অস্বাস্থ্যকর বেকারি ও প্রতারণায় ৫ প্রতিষ্ঠানে ৪৪ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
দিনাজপুরের হিলি বাজার ও চারমাথা এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে হিলি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনায় দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে হিলি বাজারের দুটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মানবদেহের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল সল্ট ও অ্যামোনিয়াম সালফেট ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ক্রেতাদের মৌখিক অভিযোগের ভিত্তিতে স্থানীয় কাপড়ের বাজারেও অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, কিছু ব্যবসায়ী বাংলাদেশি কাপড়কে ‘ইন্ডিয়ান কাপড়’ বলে ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করছেন। এছাড়া ক্রয়-বিক্রয়ের কোনো সঠিক রশিদ সংরক্ষণ না করা এবং ক্রেতাদের রশিদ না দেওয়ার অভিযোগে তিনটি কাপড়ের দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, জনস্বার্থে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় তিনি ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পণ্য বা সেবা ক্রয় করে কেউ প্রতারিত হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের হটলাইন নম্বর ১৬১২১-এ অভিযোগ জানানোর জন্য।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ শামছুল আলম, সদর রোড, আমতলী, মিডিয়া লেন, জয়পুরহাট-৫৯০০
মোবাইলঃ ০১৭৩৫-২২১৬৬৪, ০১৯৯৩-৭৬৩৪৩৩, ই-মেইলঃ wjoypurkantha@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত