
ছবিঃ জয়পুর কণ্ঠ
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ ২৭ ফেব্রুয়ারী ২০২৬
জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী তার সংসদীয় এলাকার কালাই উপজেলা-তে অবস্থিত কালাই মডেল মসজিদ কমপ্লেক্স-এ বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, তিনি তার সংসদীয় এলাকায় জুয়া, মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরও জানান, আলু দাম বৃদ্ধিসহ সার্বিক কৃষি খাতের উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে তিনি কার্যকর ও ব্যাপক ভূমিকা রাখবেন। একই সঙ্গে নিজের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো ধরনের অবৈধ সুবিধা নিতে না পারে—সে বিষয়ে সবাইকে সতর্ক করে কঠোর হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী আব্দুল বারী।
আব্দুল বারী বলেন, স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার সমস্যা, সম্ভাবনা ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের মতামত শোনেন তিনি এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
কালাই উপজেলা বিএনপি আহবায়ক ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক মওদুদ আলম, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, পৌর বিএনপি নেতা আনিছুর রহমান তালুকদার ও আব্দুল আলীম বক্তব্য রাখেন। কোরআন তেলাওয়াত করেন কালাই উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি কাজী মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী সহ সর্বসাধারণ জনগন উপস্থিত ছিলেন।
শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সকল উপজেলার সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।