
ছবিঃ জয়পুর কণ্ঠ
ধামইরহাট প্রতিনিধিঃ ২৭ ফেব্রুয়ারী ২০২৬
দীর্ঘদিনের প্রতীক্ষার পর নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট কাটতে শুরু করেছে। একযোগে ৭ জন নতুন চিকিৎসক কর্মস্থলে যোগদান করায় স্বাস্থ্যসেবায় নতুন গতি ফিরবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
নবনিযুক্ত চিকিৎসকদের স্বাগত জানাতে স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। এ সময় তিনি চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা জানান এবং ধামইরহাটবাসীর জন্য আন্তরিক, মানবিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
এমপি এনামুল হক বলেন, “ধামইরহাট উপজেলায় দীর্ঘদিন ধরে চিকিৎসকের ঘাটতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছিল। নতুন চিকিৎসকদের যোগদানের মাধ্যমে সেই সংকট অনেকটাই দূর হবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, সরকার প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা জোরদারে কাজ করে যাচ্ছে। চিকিৎসকরা যদি নিষ্ঠা ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালন করেন, তাহলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
নতুন চিকিৎসকদের যোগদানে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর সেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, এতদিন পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীদের নওগাঁ সদর বা রাজশাহীতে যেতে হতো। নতুন চিকিৎসক যোগদানের ফলে এখন উপজেলা পর্যায়েই উন্নত চিকিৎসা পাওয়া যাবে বলে তারা আশা করছেন।