
ছবিঃ জয়পুর কণ্ঠ
আক্কেলপুর প্রতিনিধিঃ মো: রবিউল হাসান
জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আক্কেলপুর উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়।
শুক্রবার বিকেলে উপজেলার একটি মিলনায়তনে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা গ্রহণের মাস। রমজানের মূল শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি ইসলামী আদর্শে পরিচালিত একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ এবং এস এম রাশেদুল আলম সবুজ। তারা তাদের বক্তব্যে বলেন, রমজান মানুষকে ধৈর্য, সহনশীলতা ও পরস্পরের প্রতি সহমর্মিতা শেখায়। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই রমজানের প্রকৃত শিক্ষা বাস্তবায়ন করা সম্ভব।
আক্কেলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শফিউল হাসান দিপু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।