
ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টার, নওগাঁঃ ২৪ মার্চ ২০২৬
নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের কলমুডাঙ্গা এলাকায় প্রতিপক্ষের বিরুদ্ধে বোরো ধানের জমিতে আগাছানাশক স্প্রে করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পুরমাইডাঙ্গা মৌজায় পূর্ব শত্রুতার জেরে প্রায় ৯ বিঘা জমির বোরো ধানে ক্ষতিকর আগাছানাশক স্প্রে করা হয়। এতে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
এ ঘটনায় মো. আব্দুর রাশেদ নামে এক কৃষক সাপাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন—মো. শহিদুল ইসলাম (৩৫), মো. নুর (৩৫), মো. সাইফুল ইসলাম (৬০), মো. আক্তারুল (৪০), মো. জাহাঙ্গীর (৪৫), বানি ইসরাইল (৬০), মো. মনিরুল ইসলাম (৬২), হাসান মাস্টার (৪৫)সহ অজ্ঞাত আরও ৮-১০ জন।
অভিযোগে উল্লেখ করা হয়, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমির পরিমাণ প্রায় ৩ একর (৯ বিঘা)। এর জের ধরে অভিযুক্তরা বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিল বলে দাবি করেন ভুক্তভোগীরা।
গত ১২ মার্চ গভীর রাতে অভিযুক্তরা জমিতে প্রবেশ করে ধানের ক্ষেতে আগাছানাশক স্প্রে করে ফসলের ব্যাপক ক্ষতি করে বলে অভিযোগে বলা হয়েছে। পরবর্তীতে জমিতে গেলে ভুক্তভোগীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েছেন।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।