
ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ ৮ এপ্রিল ২০২৬
জয়পুরহাট জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মোট ১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জয়পুরহাটের বিভিন্ন উপজেলা থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ৭৪ জন। এর মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও নতুন করে রোগী বাড়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামে আক্রান্ত রোগীদের জন্য পৃথকভাবে ৪৪ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রোগীদের আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে ভর্তি শিশুদের অভিভাবকরা জানান, হামের লক্ষণ দেখা দেওয়ার পর দ্রুত হাসপাতালে আনা হলে চিকিৎসক ও নার্সরা প্রয়োজনীয় সেবা দিচ্ছেন।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোছাঃ লিপি আক্তার বলেন, “হামে আক্রান্ত শিশুদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।”
জেলার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সিভিল সার্জন ডা. মোঃ আল মামুন বলেন, “হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।”
তিনি আরও জানান, এ পর্যন্ত চিকিৎসা নেওয়া ৭৪ জনের মধ্যে ৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে এবং ৪০ জনের রিপোর্ট এখনো অপেক্ষমাণ। জয়পুরহাটে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এদিকে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের অভিযোগ- প্রয়োজনীয় ওষুধ সবসময় সহজলভ্য থাকে না। তারা দ্রুত সরকারি ব্যবস্থাপনায় ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা মূলত শিশুদের মধ্যে দ্রুত ছড়ায়। তাই শিশুদের নিয়মিত টিকা প্রদান এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।
জেলায় হামের প্রকোপ বৃদ্ধি জনস্বাস্থ্যের জন্য সতর্কবার্তা। সময়মতো টিকাদান ও দ্রুত চিকিৎসা গ্রহণই এ পরিস্থিতি মোকাবিলার মূল উপায়।