
ছবিঃ জয়পুর কণ্ঠ
রকি হোসেন নওগাঁঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
নওগাঁর পৃথক উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ধামইরহাট ও মান্দা উপজেলায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া এলাকার মোসলেমের ছেলে পিন্টু।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে বাড়ির পাশের একটি বিলে শসা তুলতে গিয়েছিলেন কৃষক জালাল উদ্দীন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জালাল উদ্দীনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান বলেন, “খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”
অন্যদিকে মান্দা থানার ওসি মাসুদ রানা জানান, বাড়ির পাশে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টু নিহত হন। এ সময় সংশ্লিষ্ট কৃষকের সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।