
ছবিঃ জয়পুর কণ্ঠ
আক্কেলপুর প্রতিনিধি: মোঃ রবিউল হাসান
২৭ মার্চ ২০২৬
জয়পুরহাটের আক্কেলপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার। এছাড়াও উপস্থিত ছিলেন ভূমি অফিসের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার প্রকৃত তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। স্থানীয় শিল্পীদের দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং সৃষ্টি করে আবেগঘন পরিবেশ।
পুরো আয়োজনটি দেশপ্রেম, গর্ব ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে সম্পন্ন হয়, যা উপস্থিত সবার মাঝে স্বাধীনতার মহান আদর্শ নতুন করে জাগ্রত করে।