
ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ ২৯ মার্চ ২০২৬
জয়পুরহাট চিনিকলে বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ও ন্যায্য দাবিদাওয়া দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, গত ৫ মার্চ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর একটি দাবীনামা পেশ করা হয়েছে। এতে পূর্বের চার দফা দাবির পাশাপাশি নতুন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা হয়েছে।
দাবির মধ্যে রয়েছে—২০২৪ সালের ১৫ মে জারি করা স্থগিতাদেশ প্রত্যাহার, মৌসুমী শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে স্থায়ী পদে অন্তর্ভুক্তি এবং শূন্য পদে অস্থায়ী বা অবসরপ্রাপ্ত জনবল দিয়ে কাজ না চালানো।
এছাড়া শ্রমিকদের অভিযোগ, পে-কমিশনের আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ সুবিধা পেলেও মজুরি-কমিশনের শ্রমিকরা তা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য দূর করে শ্রমিকদেরও সমান সুবিধা দেওয়ার দাবি জানানো হয়।
সভায় আরও বলা হয়, ২০১৬ সালে সাশ্রয়নীতির কারণে বন্ধ হওয়া বিভিন্ন আর্থিক সুবিধা এখনো পুনর্বহাল করা হয়নি। বর্তমান বাস্তবতায় এসব সুবিধা পুনরায় চালুর দাবি তোলা হয়।
ফেডারেশনের নেতারা জানান, আখ রোপণ ও উৎপাদন কার্যক্রম সচল রাখতে দ্রুত সমস্যাগুলোর সমাধান প্রয়োজন। অন্যথায় ২৯ মার্চের মধ্যে সন্তোষজনক সমাধান না হলে দেশের সব মিল ও প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।