
ছবিঃ সংগৃহীত
জাহিদুল ইসলাম (জাহিদ), স্টাফ রিপোর্টার
১২ মার্চ ২০২৬
জয়পুরহাটে মাদ্রাসার এক শিক্ষক কর্তৃক ৮ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষককে মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র্যাব-৫।
গতকাল ১১ মার্চ ২০২৬ তারিখ রাতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল নওগাঁ জেলার মহাদেবপুর থানার রাইগাঁ এলাকা থেকে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মোঃ ফরিদ জামান (২৩) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ফরিদ জামান নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা এবং পিতা মোঃ মোবারকের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর থানাধীন চক দাদরা উপরচক (ডিপপাড়া) গ্রামের মদিনাতুল উলুম (নূরানী) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ফরিদ জামান প্রায় ছয় মাস ধরে ওই প্রতিষ্ঠানের ৮ বছর বয়সী এক ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে বলাৎকার করে আসছিল।
সর্বশেষ গত ২৬ জানুয়ারি ২০২৬ ভোররাতে মাদ্রাসার উত্তর পাশে একটি কক্ষে ঘুম থেকে ডেকে তুলে শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তার মলদ্বার দিয়ে রক্তপাত হয়।
পরে ওইদিন সন্ধ্যায় শিশুটির মা মাদ্রাসায় গিয়ে ছেলের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। এরপর উপস্থিত লোকজনের সামনে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি দেন বলে জানা যায়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে জয়পুরহাট সদর থানায় ১১ মার্চ ২০২৬ তারিখে মামলা নং-১৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে পলাতক আসামিকে নওগাঁ জেলার মহাদেবপুর থানার রাইগাঁ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।