
ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বগুড়ায় বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ও মহাস্থান শাহ সুলতান বলখী (রহ.) ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. আবু সালেহ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া মহানগর শাখার উপদেষ্টা ও শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
এছাড়াও বক্তব্য দেন শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, ডোমনপুকুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা ঈসমাইল হোসেন, ড. আব্দুল বারী রশিদি, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আজাহার আলী, অধ্যক্ষ মাওলানা রোস্তম আলী, আব্দুল মান্নান ও মাওলানা কাউসার আলী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হক সরকার বলেন, রমজান মাস কেবল উপবাসের মাস নয়, এটি আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেকে মুত্তাকী হিসেবে গড়ে তোলার মাস। তিনি বলেন, সমাজের সকল অন্যায় ও শোষণমুক্ত একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনে রমজানের শিক্ষা আমাদের জন্য গুরুত্বপূর্ণ পাথেয়।
তিনি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজকে পারস্পরিক ভ্রাতৃত্ব, ত্যাগ ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।