
ছবিঃ জয়পুর কণ্ঠ
ঠাকুরগাঁও সংবাদদাতাঃ শনিবার, ১১ এপ্রিল ২০২৬
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার বাস্তবায়নে জেলা প্রশাসক চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। পরে তার নেতৃত্বে একটি পরিচ্ছন্নতা র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক বলেন, প্লাস্টিক ও পলিথিনসহ বিভিন্ন বর্জ্যের কারণে পরিবেশ দূষণ বাড়ছে, যা ডেঙ্গুসহ নানা রোগের ঝুঁকি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, একটি সুস্থ ও বাসযোগ্য শহর গড়ে তুলতে সবার সম্মিলিত অংশগ্রহণ জরুরি। এজন্য নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
অভিযান চলাকালে শহরের বিভিন্ন সড়ক, অলিগলি ও মহাসড়কের পাশ থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।
এ সময় পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন, প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান রাকিব, প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ অংশ নেন।