
ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
বগুড়া শহরের পৃথক দুই এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ তিন মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বগুড়া ডিএনসির ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় শহরের ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর চামড়া গুদাম ও সেউজগাড়ী আমতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উত্তম বাঁশফোড় (৩০), পিতা মৃত রুখিলাল, সাং রেলওয়ে কলোনি; মো. স্বপন শেখ (২৫), পিতা মো. আমজাদ শেখ, সাং চক সূত্রাপুর; এবং মো. সবুজ (২৫), পিতা মো. আনসার আলী, সাং দাড়াইল বাজার, থানা গাবতলী।
অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবনের অপরাধে তিনজনকে ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিএনসি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।