
ছবিঃ জয়পুর কণ্ঠ
বোয়ালিয়া, (রাজশাহী) প্রতিনিধিঃ ৩ এপ্রিল ২০২৬
“সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেঁচে থাকার লড়াই” শীর্ষক একটি মানবিক প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তা দৃষ্টিগোচর হয় তারেক রহমান-এর। এরপর তাঁর নির্দেশনায় অসহায় টুলি বেগমের পাশে দাঁড়ায় ‘আমরা বিএনপি পরিবার’।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টায় রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয় কেন্দ্র সংলগ্ন এলাকায় সংগঠনটির একটি প্রতিনিধি দল টুলি বেগমের সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন নরসিংদী রায়পুরার সংসদ সদস্য ও সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিনিধি দলটি টুলি বেগমের খোঁজখবর নেন এবং তাঁর জীবনসংগ্রামের কথা শোনেন। পরে তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে তাঁকে একটি নতুন অটোরিকশা উপহার দেওয়া হয়। পাশাপাশি তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয় এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, ইঞ্জিনিয়ার আবু হানিফ, হাসনাইন নাহিয়ান সজীব, সুলতান আহমেদ রাহী, এমদাদুল হক লিমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মানবিক এই উদ্যোগটি নেওয়া হয় একটি হৃদয়স্পর্শী সংবাদ প্রকাশের পর, যেখানে টুলি বেগমের সংগ্রামী জীবনের চিত্র উঠে আসে। সেই প্রেক্ষিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর এই সহায়তা কার্যক্রম স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।