
ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ২০টি অ্যাপ ইনস্টল করা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় আরও একজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল নোয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. সোহাগ (৩০) এবং কালাই উপজেলার পুনট পূর্ব নোয়াপাড়া গ্রামের মৃত আহসান হাবিব মন্টুর ছেলে ইশতিয়াক শাহরিয়ার রনি (৪২)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কোকতারা পাকড়তলী পাকা সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সোহাগ ও রনিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা আরও একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই মো. মেহেদী হাসান ও এএসআই মো. মাসুদ রানা। তাঁদের সঙ্গে ছিলেন পুলিশ সদস্য ছাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল ও পারভেজ হোসেন উল্লাহ।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ চক্রের সঙ্গে জড়িত আরও একজন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় নিয়মিত মামলা করা হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।