
ছবির ক্যাপশনঃ
প্রতিবেদক, মোঃ দেলোয়ার হোসেন বাবুঃ ৫ সেপ্টেম্বর ২০২৬
কালাই (জয়পুরহাট): জয়পুরহাটের কালাইয়ে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যকর এক ঘটনার সৃষ্টি হয়েছে। মধ্যরাতে কথিত প্রেমিকের সঙ্গে অবস্থানকালে এক নারীকে হাতেনাতে আটকের পর স্থানীয়দের উপস্থিতিতে স্বামীর সিদ্ধান্তে ওই নারীর সঙ্গে তার কথিত প্রেমিকের বিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উদয়পুর ইউনিয়নের নিমেরপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ওই নারীকে কথিত প্রেমিকের সঙ্গে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে লোকজন জড়ো হন। পরে স্বামীও সেখানে উপস্থিত হন। দীর্ঘ আলোচনা ও স্থানীয়দের মধ্যস্থতার পর স্বামী তার স্ত্রীকে ওই ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
পরে স্থানীয়দের উপস্থিতিতে ৫ লাখ টাকা কাবিননামায় কথিত প্রেমিকের সঙ্গে ওই নারীর বিয়ে সম্পন্ন হয়। এ সময় স্বামী নিজেও উপস্থিত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, একটি দাম্পত্য সম্পর্কের ভাঙন শুধু দুজন মানুষের জীবনে নয়, এর প্রভাব পড়ে পুরো পরিবারে। বিশেষ করে সন্তান থাকলে তাদের মানসিক ও সামাজিক জীবনে এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
তবে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য ছড়িয়ে পড়লেও, ব্যক্তিগত জীবনের এমন স্পর্শকাতর ঘটনায় যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
পারিবারিক বন্ধন টিকিয়ে রাখতে স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাম্পত্য জীবনে কোনো সংকট দেখা দিলে উত্তেজনা বা সামাজিক অপমানের পথে না গিয়ে পারস্পরিক আলোচনা ও আইনসম্মত উপায়ে সমাধানের উদ্যোগ নেওয়াই হতে পারে অধিকতর দায়িত্বশীল পথ।
কালাইয়ের এই ঘটনা আবারও সামনে এনেছে পারিবারিক সম্পর্ক, সামাজিক মূল্যবোধ এবং দাম্পত্য জীবনে পারস্পরিক বিশ্বাসের গুরুত্বের বিষয়টি।