
ছবিঃ জয়পুর কণ্ঠ
মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ ১ আগস্ট ২০২৬
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে মান্দা থানা পুলিশ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টা ৫০ মিনিটে মান্দা থানার একটি দল উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের কয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে ইমরানের মুরগির দোকানের সামনে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তার কাছ থেকে ৮ পাতা, মোট ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. বাবু ইসলাম (৩১), পিতা: আজাদ আলী, গ্রাম: আরজি জিনারপুর, থানা: মান্দা, জেলা: নওগাঁ।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মান্দা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।