
ছবিঃ সীমান্তের আওয়াজ
মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধিঃ ৪ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জাহাঙ্গীর আলম (৩৩) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পাঁচবিবি পৌর শহরের রঞ্জন শর্মার বাড়ির নিকট থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাহাঙ্গীর জয়পুরহাট সদর উপজেলার হারাইল উত্তরপাড়া গ্রামের মৃত নিমাই উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জনাব মো. তামবিরুল ইসলামের নির্দেশনায় এবং গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. আলমগীর কবির ও এসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ পাঁচবিবি-জয়পুরহাট যাতায়াতের রাস্তায় এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জাহাঙ্গীরকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জনাব মো. তামবিরুল ইসলাম জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকে কোনো ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এই পদক্ষেপে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।”
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, পাঁচবিবি থানায় ওসি জনাব মো. তামবিরুল ইসলাম যোগদানের পর থেকেই মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযান ও মাদক কারবারিদের গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মাঝে ওসি’র এই কঠোর পদক্ষেপ প্রশংসিত হচ্ছে।