
ছবিঃ জয়পুর কণ্ঠ
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জয়পুরহাটের কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
‘নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল ১০টায় কালাই বিডি ক্লিনের আয়োজনে এবং কালাই পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালাই পুলিশ প্লাজা মার্কেট প্রাঙ্গণে শপথ পাঠের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার।
কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিম, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, সাবেক ছাত্রনেতা রেজ্জাকুল হায়দার বিজয়সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং কালাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে বাসাবাড়ি, দোকানপাট ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার বিষয়ে নাগরিকদের সচেতন হতে হবে। এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে দ্রুত পরিষ্কার করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
পরে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় জমে থাকা ময়লা- আবর্জনা পরিষ্কারের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও পরিষ্কার করা হয়। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।