
ছবির ক্যাপশন
জয়পুরহাট প্রতিনিধি: ২৭ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ চাকরিজীবনের শেষ দিনে আবেগঘন এক বিদায়ী বার্তা দিয়ে জয়পুরহাট জেলা হাসপাতালকে বিদায় জানালেন চিকিৎসক ডা. জাফর ইমাম। নীরবে কর্মজীবনে এসেছিলেন, আর দীর্ঘদিনের স্মৃতি ও সহকর্মীদের ভালোবাসা সঙ্গে নিয়ে নীরবেই বিদায় নিলেন তিনি।
নিজের বিদায়ী অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডা. জাফর ইমাম বলেন, “একদিন, নীরবে এসেছিলাম। নীরবেই চলে গেলাম। আজ ছিল আমার চাকুরি জীবনের শেষ দিন।”
দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি, সহকর্মী ও রোগীদের সঙ্গে কাটানো সময়কে পেছনে রেখে বিদায়ের মুহূর্তে কারও প্রতি কোনো ক্ষোভ, অভিমান, রাগ কিংবা দুঃখবোধ নেই বলেও জানান তিনি।
তিনি বলেন, “কারো প্রতি আমার কোনো ক্ষোভ, অভিমান, রাগ, দুঃখবোধ নেই।”
জীবনের দীর্ঘ এই পথচলায় অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে তিনি বলেন, “দীর্ঘ চাকুরি জীবনে যদি কারো কষ্টের কারণ হয়ে থাকি, আমাকে ক্ষমা করবেন। আমার জন্য দোয়া করবেন।”
ডা. জাফর ইমামের এই সংক্ষিপ্ত অথচ হৃদয়স্পর্শী বিদায়ী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দীর্ঘ কর্মজীবনে তাঁর পেশাগত দায়িত্ব পালন, রোগীদের সেবা এবং সহকর্মীদের সঙ্গে কাটানো নানা স্মৃতি ফিরে আসে অনেকের মনে।
বিদায়ের মুহূর্তে তাঁর কণ্ঠে ছিল না কোনো অভিযোগ, ছিল না প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব। ছিল শুধু বিনয়, ক্ষমা প্রার্থনা এবং সবার কাছে দোয়ার আবেদন।
জয়পুরহাট জেলা হাসপাতালের সঙ্গে তাঁর দীর্ঘ কর্মজীবনের অধ্যায়ের সমাপ্তি ঘটলেও সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে তাঁর স্মৃতি থেকে যাবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
“ভালো থেকো জয়পুরহাট জেলা হাসপাতাল। বিদায়…” এই কথাতেই যেন শেষ হলো তাঁর দীর্ঘ কর্মজীবনের এক আবেগঘন অধ্যায়।