
ছবিঃ সংগৃহীত
কণ্ঠ ডেস্কঃ ২৫ নভেম্বর, ২০২৬
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আজ বুধবার জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাজ্যের আহ্বানে এ বৈঠক ডাকা হয়েছে। একই ইস্যুতে আগামী মাসেও নিরাপত্তা পরিষদে আরেকটি বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছে দেশটি।
মঙ্গলবার রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাজ্যের স্থায়ী মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানায়। এতে বলা হয়, রোহিঙ্গা গণহত্যার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা এবং চলমান মানবিক সংকটের অবসানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য।
এর আগে গত ১৯ নভেম্বর গাম্বিয়ার দায়ের করা মামলায় ৯-৬ ভোটে ঐতিহাসিক রায় দেন আইসিজে। আদালতের রায়ে বলা হয়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে।
আইসিজের রায়ের পর মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রায় ঘোষণার দিনই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতাকে যুক্তরাজ্যের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন।
এ ছাড়া মিয়ানমারের পাঁচজন শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধে দেশটিতে বিমান চলাচলের জ্বালানি (এভিয়েশন ফুয়েল) সরবরাহ ও রপ্তানি নিষিদ্ধ করার লক্ষ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে। গত সপ্তাহে লন্ডন থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকেও বহিষ্কার করা হয়।
রায়ের পর নিরাপত্তা পরিষদের ভূমিকা
জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী, জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো আন্তর্জাতিক বিচার আদালতের রায় মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। কোনো পক্ষ আদালতের রায় অনুযায়ী তার ওপর অর্পিত বাধ্যবাধকতা পালন না করলে অপর পক্ষ বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করতে পারে।
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অন্তত ৯ সদস্যের সমর্থন প্রয়োজন। তবে স্থায়ী পাঁচ সদস্যরাষ্ট্র—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্সের যেকোনো একটি ভেটো দিলে প্রস্তাব আটকে যেতে পারে।
বিশ্লেষকদের মতে, মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়ের পর নিরাপত্তা পরিষদের অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এ ক্ষেত্রে চীন ও রাশিয়ার ভূমিকা এবং মিয়ানমারের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপে তাদের অবস্থান বড় প্রভাব ফেলতে পারে। কারণ, দেশ দুটি দীর্ঘদিন ধরে মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে কঠোর পদক্ষেপ গ্রহণের বিরোধিতা করে আসছে।
এদিকে, আইসিজের এই রায় গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত কথিত গণহত্যার জবাবদিহির প্রশ্নেও আন্তর্জাতিক আলোচনাকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের অবস্থান কী হবে, তা নিয়েও আন্তর্জাতিক মহলে আলোচনা রয়েছে।