
ছবির ক্যাপশনঃ
স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ ২১ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় গৃহবধূ সাজেদা ইসলাম সাজু হত্যা মামলায় রাব্বী হোসেন ও আবু সাঈদ নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন এবং একই এলাকার আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, সাজেদা ইসলাম সাজু জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় একটি ভাড়া বাসায় ছোট মেয়েকে নিয়ে বসবাস করতেন। তাঁর স্বামী সিলেটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করায় তিনি মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন। স্থানীয় একটি স্কুলে মেয়ের পড়াশোনার সূত্রে স্কুলটির কম্পিউটার অপারেটর আবু সাঈদের সঙ্গে সাজেদার পরিচয় হয়।
২০২২ সালের ২৭ সেপ্টেম্বর সাজেদার মেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পরীক্ষা কেন্দ্রে গেলে রাব্বী ও আবু সাঈদ ওই বাসায় যান। মামলার অভিযোগ অনুযায়ী, তারা সাজেদাকে অনৈতিক প্রস্তাব দিলে তিনি এতে বাধা দেন। এ সময় ক্ষিপ্ত হয়ে আসামিরা তাঁর মুখে কস্টেপ লাগিয়ে, হাত বেঁধে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।
পরীক্ষা শেষে বাসায় ফিরে মেয়েটি মেঝেতে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেন।
মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রমে সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে আদালত সোমবার এ রায় ঘোষণা করেন।