
ছবির ক্যাপশনঃ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২৭ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে শসা ক্ষেত রক্ষায় দেওয়া অবৈধ বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সাকিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাকিব হোসেন ওই গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই এলাকার কৃষক আবু বক্কর তার শসা ক্ষেত শিয়ালের হাত থেকে রক্ষা করতে জমির চারপাশে অবৈধভাবে বৈদ্যুতিক তারের সংযোগ দিয়ে রাখেন। শনিবার দিবাগত রাতে সাকিব হোসেন ওই জমিতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রোববার সকালে স্থানীয় কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে শসা ক্ষেতে তারে পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ তামবিরুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এভাবে ফসল রক্ষার নামে ঝুঁকিপূর্ণ ও অবৈধ বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।