দেশের ১৩তম সিটি করপোরেশন বগুড়া: নতুন ইতিহাসের সূচনা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
-
০
বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ
মিজানুর রহমান, বগুড়া থেকে
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
উত্তরাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত বগুড়ার নগর ইতিহাসে যুক্ত হলো গৌরবের নতুন অধ্যায়। দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বগুড়া সিটি করপোরেশন। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে এই ঐতিহাসিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দীর্ঘদিনের পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত হওয়ার ফলে বগুড়া পেল নতুন প্রশাসনিক কাঠামো, বিস্তৃত উন্নয়ন সম্ভাবনা এবং আধুনিক নগর ব্যবস্থাপনার নতুন দিগন্ত।
ঐতিহ্য থেকে আধুনিকতার পথে বগুড়া
ব্রিটিশ শাসনামলে ১৮৭৬ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা উত্তরাঞ্চলের অন্যতম প্রাচীন পৌর প্রতিষ্ঠান। সময়ের পরিক্রমায় ১২টি ওয়ার্ড থেকে বেড়ে তা ২১টি ওয়ার্ডে উন্নীত হয়। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী এ নগরের জনসংখ্যা প্রায় ৪ লাখ।
২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর আমলে পৌরসভার সীমানা সম্প্রসারণ করে চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করা হয়। এতে আয়তন দাঁড়ায় ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার। সেই ধারাবাহিক উন্নয়নের পথ ধরেই এবার সিটি করপোরেশনে উন্নীত হলো বগুড়া।
নাগরিক সেবায় আসছে নতুন গতি
স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজের মতে, এই উন্নীতকরণ নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন, সড়ক উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে নতুন গতি সঞ্চার করবে।
প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি
একই দিনে সকাল ১০টায় প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউজে পৌঁছান। পরে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন। পাশাপাশি আদালতে আধুনিক বিচার ব্যবস্থার অংশ হিসেবে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
পরে গাবতলী উপজেলা শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের নদী-নালা, খাল ও জলাধার খনন কর্মসূচির অংশ হিসেবে গাবতলীর বাগবাড়ী এলাকায় নশিপুর চৌকিরদহ খাল খনন কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।
জনসভায় উন্নয়নের বার্তা
বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বগুড়াকে উত্তরাঞ্চলের আধুনিক, পরিকল্পিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নগরীতে রূপান্তর করা হবে।
উপস্থিত ছিলেন- অনুষ্ঠানে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, এডভোকেট আব্দুল বাছেদ (পিপি), জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উত্তরাঞ্চলের জন্য বড় বার্তা
বগুড়ার এই রূপান্তর শুধু প্রশাসনিক উন্নয়ন নয়, এটি উত্তরাঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও নগর বিকাশের বড় বার্তা। দীর্ঘ ঐতিহ্য আর নতুন সম্ভাবনার সমন্বয়ে বগুড়া এখন এগিয়ে যাচ্ছে এক আধুনিক, স্মার্ট ও পরিকল্পিত নগরীর পথে।
Like this:
Like Loading...
Related
আরো সংবাদ পড়ুন